ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বিক্ষোভ
তৃতীয় দিনের মতো ধারাবাহিক ককটেল বিস্ফোরণ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবির। ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ রোধে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন এবং প্রক্টর ও ভিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিবির নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ বিক্ষোভ করে সংগঠনটি। এ সময় নেতাকর্মীদের, ‘ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে ককটেল মারে, ভিসি-প্রক্টর কী করে’, ‘হায় হায় ভিসি, ভূয়া ভিসি প্রক্টর’, ‘হায় হায়, ছি ছি ঘুমায় প্রক্টর-ভিসি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার তৃতীয় দফায় দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সোহেল নামের একজন প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ঢাবি ভিসি-প্রক্টরের হারানো বিজ্ঞপ্তি দিলেন ঢাকসু নেতা
এদিকে এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে প্রতিবাদের অংশ হিসেবে তাদের দুইজনের প্রতীকী হারানো বিজ্ঞপ্তি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিজ্ঞপ্তি দেন।
ফেসবুক পোস্টে এবি জুবায়ের লেখেন, ‘একটি হারানো বিজ্ঞপ্তি— ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি ওবায়দুল ইসলাম এবং প্রক্টর ইস্রাফিল প্রাং স্যার দীর্ঘদিন ধরেই নিখোঁজ রয়েছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাদের খোঁজ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিংয়ে যোগাযোগ করার অনুরোধ রইলো।’