১০ নভেম্বর ২০২৬, ১৫:২৪

ঢাবিতে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা গেল

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত সোহেল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তিনি ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক ছিলেন। গাড়ির মালিক তাসলিমা নাবিলা ইসলাম ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রভাষক।

ককটেল বিস্ফোরণে দুজন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ- ৩৭৯১৪০।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ঘোষিত দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট ঘোষণাকে কেন্দ্র করে তারা বিজনেস ফ্যাকাল্টির সামনে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গাড়ির ভেতরে থাকা চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বিস্ফোরণস্থলের পাশেই তিনি নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে পাশের গাড়িটির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্য একটি সূত্র দুজন আহত হওয়ার তথ্য জানিয়েছে। এ সময় একটি গাড়ির কাচও ভেঙে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোঁড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন।

আরও খবর: ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ, দুজন গুরুতর আহত

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, ‘আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজটা দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়ির ড্রাইভার আহত হয়েছেন, আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।’

‎তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের এক্সপার্টরা এসে আলামত দেখে ডিটেক্ট করতে পারবেন যে, ককটেলটি ঠিক কোন জায়গা থেকে মারা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতন বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’