ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ, দুজন গুরুতর আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বিস্ফোরণস্থলের পাশেই তিনি নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে পাশের গাড়িটির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্য একটি সূত্র দুজন আহত হওয়ার তথ্য জানিয়েছে। এ সময় একটি গাড়ির কাচও ভেঙে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোঁড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি আরও বলেন, ককটেলটি কোন দিক থেকে ছোড়া হয়েছে, তা তিনি দেখতে পাননি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও অনেকে এ ধরনের হামলার শিকার হতে পারেন।
আরও খবর: রামেক পরিচালকের কক্ষে গোপন বৈঠকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, `আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজটা দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়ির ড্রাইভার আহত হয়েছেন, আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।'
তিনি আরও বলেন, `আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের এক্সপার্টরা এসে আলামত দেখে ডিটেক্ট করতে পারবেন যে, ককটেলটি ঠিক কোন জায়গা থেকে মারা হয়েছে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতন বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’