ককটেল বিস্ফোরণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্র জোট। একই সঙ্গে শিক্ষার্থীসহ সারাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি। মঙ্গলবার (১০ নভেম্বর) গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৮ ও ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) বিভিন্ন স্থান, কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা কিছুদিন পরপর ককটেল বিস্ফোরণের মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ভীতিকর পরিবেশ তৈরির এসব তৎপরতায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
তাদের অভিযোগ, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অবিলম্বে ককটেল বিস্ফোরণকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি সরকারের আমলের প্রশাসনের মধ্যে এ ক্ষেত্রে বিশেষ কোনো পার্থক্য দৃশ্যমান নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়নি। ২০২৪ সালের ১৫ জুলাইয়ের হামলা এবং বিগত ১৬ বছরে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলা ও গণরুম-গেস্টরুমে নিপীড়নের সঙ্গে জড়িতদের অধিকাংশ এখনো ক্যাম্পাসে বহাল তবিয়তে রয়েছে বলে দাবি করেন তারা।
তারা বলেন, এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি দীর্ঘদিনের। কিন্তু প্রশাসন কার্যকর উদ্যোগ নেয়নি। বিচারহীনতার সংস্কৃতিই ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটার ক্ষেত্র তৈরি করছে এবং ক্যাম্পাসকে অনিরাপদ করে তুলছে। এর দায় বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, সারাদেশের মানুষের জানমালের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। বিএনপি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে জননিরাপত্তা নিশ্চিত এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থী-জনতাকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
এতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দুর্জয় রায়, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামি আব্দুল্লাহ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তসমিয়া নেবুলা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক তাহমিদ হোসেন এবং পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক রোনাল চাকমা।