১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯

চবিতে মোবাইল ফোনে প্রক্টরকে হুমকির অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন  © সংগৃহীত

ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল বন্ধ রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চবি শাখার সাবেক নেতা আবরার শাহরিয়ার। 

মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ সংগঠনটির ডাকা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল বন্ধ রাখার জন্য এই হুমকি দেন তিনি। 

মুঠোফোনে সরকারি নথিভুক্ত নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতা বলেন, আগামীকালকের কর্মসূচী আমরা বাস্তবায়ন করবোই, সেটা যেভাবেই হোক। বিএনপির মতো অগ্নিসন্ত্রাস কিংবা শিবিরের মতো টিচার্স বাসে ককটেল হামলার পথ অনুসরণ করব না। আপনারা আমাদের কর্মসূচি ও ধর্মঘট সফল করতে দেন। নইলে বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন চলাচল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

তবে ফোনের জবাবে প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, যদি তোমাদের কোনোকিছু থেকে থাকে তাহলে তোমরা সেভাবে করবা, আর প্রশাসনের আইনগত যে ব্যবস্থা আছে তারা সেটা করবে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি।