ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিলল গোলাপ ও চিঠি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের অশ্বত্থ গাছের নিচ থেকে ফুল ও হুমকিসংবলিত চিঠিভর্তি একটি বাক্স উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। উদ্ধার করা বাক্সের ভেতরে ফুলের পাশাপাশি একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে ‘নভেম্বর রেইন’-এর শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন ও পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে সাদা ব্যাগে মোড়ানো লাল প্লাস্টিকের একটি বাক্স উদ্ধার করে পুলিশ। এতে রাজনৈতিক বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।
চিঠিতে লেখা হয়েছে, ‘সকলকে November Rain-এর শুভেচ্ছা। ২৪-এর মিসক্রিয়েন্ট আর মহান মুক্তিযুদ্ধবিরোধী ব্যতীত সকলের সুরই এখন এক এবং অভিন্ন সুরে গাঁথা। যে দলেরই হোক না কেন, দেশরক্ষা আর দেশমাতৃকার তরে এই লড়াইয়ে প্রত্যেকের প্রত্যাশাই এখন common dream। রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন যারা নষ্ট করতে ভূমিকা পালন করেছে, তাদের প্রত্যেককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হলো।’
চিঠিতে আরও বলা হয়, ‘আজকে false sample দিলাম, সামনের দিন সামনাসামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। It's your eleventh hour! চিঠিটি খুলে যখন পড়ছেন, তখনও আপনার পাশে থেকে সব জানান দিচ্ছে। জাস্ট এতটুকু জানিয়ে রাখলাম। বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না। বাক্সে থাকা ফুলের পাপড়ির মতো আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।’
চিঠির শেষাংশে লেখা হয়েছে, ‘It's coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে হাজী মুহম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, ‘আমি আজ ছুটিতে আছি। আমি ঢাকার বাইরে ছিলাম। এইমাত্র ঢাকায় ঢুকতেছি। আমি খোঁজ নিয়ে দেখছি।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম গিয়েছিল, একটি চিরকুট পাওয়া গেছে। চিঠিতে নভেম্বরের শুভেচ্ছা উল্লেখ করে কিছু লেখা রয়েছে।’চিঠির তথ্যের উৎস ও পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘কীভাবে তথ্য পেয়েছি, গোপনীয়তা রক্ষার্থে বলা যাবে না। আমরা জিডিতে নোট দিয়ে রাখব।’