ফের টিএসসিতে ককটেল বিস্ফোরণ, বৃষ্টিতে ভিজেই কয়েকজনকে আটক করে থানায় দিল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বৃষ্টির মধ্যেই ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৃষ্টির মধ্যেই টিএসসির মেট্রো স্টেশনের নিচে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল নেতাকর্মী কয়েকজনকে ধরে ফেলেন।
এ প্রতিবেদন লেখার সময় আটককৃতদের শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের নেতৃত্বে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত তোরণ, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের গেট এবং বাংলাদেশ কুয়েত–মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায় এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
রবিবারের ওই ঘটনায় টিএসসি এলাকা থেকে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। আটক ব্যক্তিরা হলেন— নাটোর জেলার রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।