০৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

ঢাবিতে ককটেল বিস্ফোরণের চিত্র  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ককটেল টিএসসি এলাকায় এবং অপর দুই-তিনটি ককটেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরিত হয়েছে। জগন্নাথ হলের কাছেও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। শব্দ পাওয়া গেছে শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় উপস্থিত জনতা কর্তৃক দুজনকে আটকের ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে পালাক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বরে ও নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ডেইলি ক্যাম্পাসে মাল্টিমিডিয়া রিপোর্টার জানান, টিএসসি ছাড়াও শাহবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও বাংলা একাডেমির পাশে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা ২ জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করে। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যেই শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বুঝার চেষ্টা করছি।