জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সামিন ইয়াসার লাবিবের বিরুদ্ধে।
অভিযোগকারী শিক্ষার্থীর নাম শিহাব বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের ষষ্ঠ ব্যাচের নিয়মিত শিক্ষার্থী। শুক্রবার (৬ নভেম্বর) এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী শিহাব বিশ্বাস।
অভিযুক্ত সামিন ইয়াসার লাবিব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
ভুক্তভোগী জানান, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে দুইজন অতিথিসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন সুইজারল্যান্ড এলাকায় একটি মাচায় বসে থাকা অবস্থায় পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী সামিন ইয়াসার লাবিবসহ আরেকজন আমাকে মাচা থেকে উঠতে বলে।
তিনি বলেন আরও, এরপর আমি আমার স্টুডেন্ট আইডি কার্ড দেখালেও সে বাজে ব্যবহার করে ও কিছুক্ষন পরে ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে এসে আমার ওপর হামলা করে। হামলায় আমার নাক, মুখ, কান ও গাল দিয়ে রক্তপাত শুরু হয়। আমি মাটিতে পড়ে যাওয়ার পরেও তারা আমাকে মারধর করেন এবং শার্টের কলার ধরে টেনে নিয়ে আরও চার-পাঁচ থাপ্পড় মারে।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সামিন ইয়াসার লাবিব বলেন, ‘গতকাল আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি। মারধরের অভিযোগটি অসত্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, ‘আমরা অভিযোগপত্র পেয়েছি এবং এ বিষয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটি অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য শুনবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বক্তব্যও নেওয়া হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’