রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দার
শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখায় সম্মানজনক ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদল নেতা মো. সুজন আলী জোয়াদ্দার। স্নাতকোত্তরে (এমবিএ) পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৩.৮৮ সিজিপিএ পেয়ে বিভাগে দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং মাদার বখ্শ হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ আয়োজিত এ অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডিনস অনার্স লিস্টে স্থান পাওয়া শিক্ষার্থীদের সম্মানিত করা হয়।
সুজন আলী জোয়াদ্দার এমবিএ পরীক্ষায় ৩.৮৮ সিজিপিএ নিয়ে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। এ ফলাফলের ভিত্তিতে তিনি ২০২৪ সালের ডিনস অনার্স লিস্টে স্থান পান। এর আগে বিবিএ পরীক্ষায় ৩.৭৯ সিজিপিএ নিয়ে তিনি বিভাগে চতুর্থ হয়েছিলেন।
শিক্ষাজীবনে একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করেছেন সুজন। এ পর্যন্ত তাঁর মোট আটটি গবেষণা প্রবন্ধ ও বুক চ্যাপ্টার প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি গবেষণা প্রবন্ধ স্কোপাস-ইনডেক্সড কিউ১ জার্নালে প্রকাশিত হয়েছে। আরেকটি গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য গৃহীত হয়েছে। এ ছাড়া স্প্রিঙ্গার নেচার থেকে প্রকাশের জন্য গৃহীত হয়েছে তাঁর একটি বুক চ্যাপ্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। সম্মাননা গ্রহণের সময় সুজন আলী জোয়াদ্দারের বাবা-মাও উপস্থিত ছিলেন।
এ অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করেছে সংগঠনটি।