০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫

চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবি

শহীদ নুরুল হুদা মুছার ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা  © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুছার ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদের মিলনায়তনে তার আত্মত্যাগের স্মৃতিচারণ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আলাউদ্দিন মহসিন। এতে প্রধান অতিথির বক্তব্যে চাকসুর পরিচালক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুর রহমান চৌধুরি বলেন, শহীদ নুরুল হুদা মুছা ছিলেন ছাত্ররাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন তিনি। দীর্ঘ ৩২ বছর পেরিয়ে গেলেও তার হত্যাকাণ্ডের বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রধান বক্তা চবি ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সেলিম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নুরুল হুদা মুছার অবদান অবিস্মরণীয়। সংকট ও সংগ্রামে তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ ও আত্মত্যাগের পথ অনুসরণ করেই ছাত্ররাজনীতিতে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে আলাউদ্দিন মহসিন বলেন, শহীদ মুছার রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর সর্বোত্তম উপায় হলো সংগঠনের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলা। সব বিভেদ ভুলে ছাত্রদলকে সুসংগঠিত রাখতে পারলেই তাঁর আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব হবে। তাঁর আদর্শ বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রেরণা জোগায়।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, শহীদ নুরুল হুদা মুছা তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম ও রাজপথের সংগ্রামের এক অনন্য আলোকবর্তিকা। চবি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং তাঁর চেতনা ধারণ করে কাজ করে যাবে।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি সংসদের সভাপতি ড. আব্দুল মাবুদ, চবি কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক ড. মো. সানাউল্লাহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নুরুল ইসলাম, জিয়া স্মৃতি সংসদের সদস্য মো. ওসমান গণি এবং জাসাস চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি সৈয়দ নাজিম উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাবেক সভাপতি খুরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু, সাবেক সিনিয়র নেতা শাহাদাত খান, আশেক উল্লাহ, নুরুল আলম লিটন, হাবীব ও রাশেদ।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, আজিজুল হক মামুন ও তৌহিদুল ইসলাম ভূঁইয়া; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন; যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, ইমন ফারহান, জালাল সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমি এবং জাতীয় ছাত্রশক্তি চবির সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইল। স্মরণসভা শেষে শহীদ নুরুল হুদা মুছার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।