৩১ অক্টোবর ২০২৬, ০১:০৫

কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসাইন আর নেই

চবি জাদুঘরের সুপারভাইজার আলী হোসাইন  © টিডিসি ছবি

সিঁড়ি বেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জাদুঘরের দ্বিতীয় তলায় উঠলেই ভেসে আসত পবিত্র কোরআন তেলাওয়াতের সুমধুর সুর। জাদুঘরের সুপারভাইজার আলী হোসাইনের কণ্ঠে নিয়মিত মুখর থাকত জাদুঘরের পরিবেশ। তার তেলাওয়াত শুনে মুগ্ধ হতেন জাদুঘরে ঘুরতে আসা শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সবাই। ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন দেখতে এসে অনেকেই পেতেন এক অন্য রকম প্রশান্তির অনুভূতি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা দক্ষিণ ক্যাম্পাসের নিপবন স্কুলের একটি বাসায় তিনি মৃত্যুবরণ করেন। ব্যক্তি জীবনে তিনি একজন কারী ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। 

কর্মজীবনের ২০ বছরেরও অধিক সময় তিনি এই জাদুঘর রক্ষণাবেক্ষণ করে কাটিয়েছেন। জাদুঘরের প্রতিটি প্রদর্শনীর ইতিহাস ও ঐতিহ্য আলি হোসাইনের মুখস্ত ছিল। দর্শনার্থীদের ব্যাখ্যা করে জানাতেন সেগুলোর কথা। বলতেন কখন কিভাবে, কোথায় থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। এভাবে তিনি হয়ে উঠেছিলেন সবার পরিচিত প্রিয় মুখ। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জাদুঘরে দায়িত্ব পালনের পাশাপাশি কোরআন তেলাওয়াতের জন্য আলাদা পরিচিতি ছিল আলি হোসাইনের। তার কণ্ঠের তেলাওয়াত জাদুঘরের দৈনন্দিন পরিবেশেরই যেন একটি অংশ হয়ে উঠেছিল। দর্শনার্থীদের কাছে জাদুঘরটি কেবল ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন দেখার জায়গা ছিল না, তার তেলাওয়াতের কারণে সেখানে যুক্ত হয়েছিল ভিন্ন এক আবহ। ব্যস্ততার মধ্যেও সেই সুরে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতেন অনেকে।

তার মৃত্যুর পর আর শোনা যাবে না সেই পরিচিত কণ্ঠ। জাদুঘরের প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যে যে তেলাওয়াত একসময় স্নিগ্ধতা ছড়াত, তা এখন কেবল স্মৃতির অংশ। কর্মস্থল থেকে বিদায় নিয়েছেন আলী হোসাইন, কিন্তু তার রেখে যাওয়া সেই সুর হয়তো দীর্ঘদিন মনে রাখবেন জাদুঘরে আসা মানুষগুলো।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, কর্মস্থলে একজন সহকর্মীর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়, তা সহজে পূরণ হওয়ার নয়। কিছু মানুষের উপস্থিতি কেবল তাদের দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। নিজেদের স্বভাব, অভ্যাস ও ভালো কাজের মধ্য দিয়ে তাঁরা একটি প্রতিষ্ঠানের স্মৃতির অংশ হয়ে ওঠেন। আলী হোসাইনের কোরআন তেলাওয়াতও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তেমনই এক স্মৃতি হয়ে থাকবে।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘আলী হোসাইন আঙ্কেলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ভারাক্রান্ত। আজ দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। বিএনপির বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। তার আন্তরিকতা, ভালোবাসা ও অবদান আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবে।’