ঢাবির সমাবর্তনে অংশ নিতে পারবেন সাত কলেজের গ্র্যাজুয়েটরাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে গ্র্যাজুয়েশন শেষ করা সাত কলেজের শিক্ষার্থীরাও ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা ও ফি নির্ধারণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
শিক্ষার্থীদের দাবির মুখে ঢাবির অধীনে থাকা সাত কলেজকে নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সরকার। তবে ঢাবির অধীনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা অনেক শিক্ষার্থীর সার্টিফিকেট এখনও উত্তোলন করা হয়নি বলে জানা গেছে। মূলত সেসব শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এবারের সমাবর্তনে সাত কলেজের শিক্ষার্থীদেরকে রাখার সিদ্ধান্ত ঢাবির। তবে তাদের সমাবর্তন স্ব স্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে সমাবর্তনের নির্দিষ্ট কস্টিউম ও আমন্ত্রণ পত্র সংগ্রহ করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের জন্য নির্ধারিত স্থানের কথা বলা হয়েছে। যেখানে সাত কলেজের শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সমাবর্তনের কস্টিউম ও আমন্ত্রণপত্র সংগ্রহ করার কথা বলা হয়েছে।
ঢাবির এবারের সমাবর্তনে ২০ নভেম্বর ২০২২ তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত যেসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে/হবে, সেসব গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আবেদন ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হবে। এ ছাড়া ১৪ অক্টোবর ২০২২ তারিখ থেকে ১৮ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রকাশিত যেসব ফলাফল ৫৩তম সমাবর্তন ২০২২-এ অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ৫৪তম সমাবর্তন ২০২৭-এ অন্তর্ভুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।