২৪ অক্টোবর ২০২৬, ০০:৪৭

ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করবে শাখা ছাত্রদল

ঢাবি ও ছাত্রদলের লোগো   © টিডিসি ছবি

সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা এবং ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। চলমান দুর্গাপূজার ছুটির পর থেকে এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় সংগঠনটি। ‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ছাত্রদলের গৃহীত বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।

কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ছাত্রদলের হল শাখাসহ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন, উৎসাহিত ও সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ লক্ষ্য হলো দেশে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা। সেই লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করার উদ্দেশ্যে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনসহ সবার মধ্যে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তাঁরা।