গ্রিল কেটে বাসায় চুরি, পূর্ব অভিজ্ঞতায় থানায় যেতে ‘অরুচি’ রাবির সাবেক ভিসির
জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে ল্যাপটপ, সেলফোন, স্মার্ট ওয়াচ ও টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। তবে চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আগ্রহী নন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এর আগে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ায় এবার ডায়েরি করতে অনীহা প্রকাশ করেছেন তিনি।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ ঘটনা জানান ড. সালেহ হাসান নকীব।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গতরাতে জানালার গ্রিল কেটে চোর ঢুকেছিল। আমার প্রিয় তিনটি জিনিস, আব্বার ব্যবহার করা ল্যাপটপ, আব্বার ব্যবহার করা সেল ফোন এবং কিছুদিন আগে আমার ছোট ভাইটার দেওয়া স্মার্ট ওয়াচ নিয়ে গিয়েছে। সেই সাথে ওয়ালেটে থাকা কিছু টাকা।’
চুরি হওয়া জিনিসগুলোর সঙ্গে আবেগের সম্পর্ক নিয়ে এই অধ্যাপক লেখেন, ‘তিনটি জিনিস, যার সাথে ইমোশনাল ভ্যালু জড়িয়ে ছিল। খারাপ লাগছে।’
চুরির ঘটনায় থানায় ডায়েরি করার পরামর্শ পেলেও তাতে আগ্রহ পাচ্ছেন না বলে জানান রাবির সাবেক এই উপাচার্য। তিনি লেখেন, ‘থানায় ডায়েরি করতে বলছে অনেকে। আগ্রহ পাই না। এর আগে বেশ অনেক বছর আগে আরেকটি ল্যাপটপ চুরি হয়েছিল। থানায় ডাইরি করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে অরুচি হয়।’