১৭ অক্টোবর ২০২৬, ১৭:০৬

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান  © টিডিসি সম্পাদিত

একদিনেই দুই সুখবর পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। অজ শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে সরকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এই অধ্যাপক। এছাড়া ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
‎
শিক্ষা মন্ত্রণালয়ের ‎প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
‎
‎এতে আরও বলা হয়, এর আগে ২০২৫ সালের ২৩ জুন অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের অনুকূলে জারি করা সিন্ডিকেট সদস্য মনোনয়ন আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে।

অপরদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আরেক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান তথ্য কমিশনার পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।