১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট

রাবি ছাত্রদলের সভাপতি ও লোগো  © টিডিসি সম্পাদিত

সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের প্রকাশ্য হামলার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার বিচার এবং সভাপতির মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার (১৫ অক্টোবর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর হামলায় ক্যাম্পাসের চার সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনায় তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থাকে যথেষ্ট মনে করছে না প্রেসক্লাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবকে সাময়িক বহিষ্কার করা হলেও ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত আহসান হাবীবের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫ অক্টোবরের সিন্ডিকেট সভায় এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনগুলো। একই সঙ্গে আহসান হাবীবের সনদ বাতিল, হাসিবুল ইসলাম হাসিবের স্থায়ী বহিষ্কারসহ অভিযোগের সত্যতা ও অপরাধের মাত্রা বিবেচনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ছাত্রদল সভাপতির বক্তব্যের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকার পরও সুলতান আহমেদ রাহী তার ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। সংগঠনগুলোর মতে, তার এ বক্তব্য হামলার গুরুত্ব খাটো করে দেখানোর পাশাপাশি অভিযুক্তদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হলেও সভাপতির বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

এছাড়া হামলার ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বারবার হুমকি দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ছাত্রদল সভাপতি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কট করবে সংগঠনগুলো।