০৯ অক্টোবর ২০২৬, ১৯:১৫

চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোগো   © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের অভ্যন্তরে সব স্থানে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ.এস. ফারুক আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, এর আগে হলের আবাসিক শিক্ষার্থীদের একগুচ্ছ অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে ওই হলের ভিপি মো: শরিফুল ইসলাম এবং যোগাযোগ ও আবাসন সম্পাদক মাসুম সরকার সজীব স্মারকলিপির মাধ্যমে দাবিটি হলের প্রাধ্যক্ষ বরাবর তুলে ধরেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের গেট, গেস্ট রুম, বারান্দা, সিঁড়ি, করিডোর, কমন স্পেসসহ হলের অভ্যন্তরের যেকোনো স্থানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। হলের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার স্বার্থে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেছে হল প্রশাসন।

চবির শহীদ ফরহাদ হোসেন হলের ভিপি শরীফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হলের অভ্যন্তরে সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি হলের প্রধান গেট, গেটসংলগ্ন এলাকা এবং বিভিন্ন ফ্লোরের করিডোরে মাঝে মাঝে কিছু শিক্ষার্থীকে ধূমপান করতে দেখা যায়। ফলে হলের পরিবেশ ও আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার একাধিক অভিযোগ আসায় বিষয়টি নিয়ে দাবি জানাই।