‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থাপ্পড় ঢাবি ছাত্রের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এক জুনিয়র এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ সৌরভের বিরুদ্ধে। ভুক্তভোগী আরিফুল ইসলাম তারেক বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ সোমবার (৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের জেব্রা ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তারেক।
ভুক্তভোগী এই শিক্ষার্থী বলেন, আমি ইউনিভার্সিটি ক্লাব থেকে ওষুধ কিনে ফিরছিলাম। ভিসি চত্বরে জেব্রা ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাইক প্রায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দিচ্ছিল। এতে আমি আতঙ্কিত হয়ে ‘হেই’ বলে উঠি। আমার শব্দ শুনে বাইকটি থামে।
‘‘এরপর বাইকে থাকা ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেন, ‘ব্যাক সাউন্ড দিলে কেন?’। তখন আমি বলি, ‘আমি ভয় পেয়েছি, এ রকম বলব না?’ তখন তিনি বলেন, ‘ব্রেনকে থামিয়ে রেখেছি, না হলে দেখতি।’ আমি বলি, ‘না হলে মারতেন?’ এরপর তিনি আমাকে বলেন, ‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না।’
আরিফুলের অভিযোগ, এরপর ওই ব্যক্তি তার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখতে চান। তিনি পরিচয়পত্র বের করে দেখালেও সেটি নিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেন।
ভুক্তভোগী বলেন, এরপর সে আমার বাম কানে আট-দশটি থাপ্পড় দেয়। পরে মাথা ও মুখে একের পর এক ঘুষি মারতে থাকে।
এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
অভিযুক্ত মাহফুজ সৌরভের বক্তব্য জানতে চাইলে মুঠোফোনে তিনি শুরুতে সাংবাদিকদের বরংবার ভেরিফাই করে মূল প্রশ্নের উত্তর এড়াতে চান। পরবর্তীতে তিনি বলেন আমি তার (ভুক্তভোগীর) সাথে কথা বলে এরপর সাংবাদিকের সাথে কথা বলবেন।
ভুক্তভোগীকে মারধর করেছে কিনা স্পষ্টভাবে জানতে চাইলেও তিনি বারবার এটি এড়ানোর চেষ্টা করেন, একপর্যায়ে তিনি বলেন এটি একটি ছোটখাটো বিষয়। আমি তার (ভুক্তভোগীর) সাথে কথা বলে কালকে আপনাকে জানাব।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, আমাদের কাছে এ বিষয়ে একটি অভিযোগ এসেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেব।