০৫ অক্টোবর ২০২৬, ১৩:১৬

হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি  © টিডিসি ফটো

পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বক্তারা বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলায় রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা হামলায় জড়িতদের বিচার এবং সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাস সাংবাদিকরা অংশ নেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু ছালেহ শোয়েবের সঞ্চালনায় মানববন্ধনে রাবি প্রেসক্লাবের সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী আশিকুল রহমান ধ্রুব বলেন, ‘এর আগেও আগেও কৃষ্ণ রায়ের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। গতকালও আমরা একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি। হামলার আগে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করলেও তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।’

তিনি আরও বলেন, ‘হামলার পর সিসি ক্যামেরার ও ভিডিওর ফুটেজ নিয়ে প্রায় দেড় ঘণ্টা হলের প্রক্টরের কাছে অবস্থান করেও কার্যকর পদক্ষেপ দেখিনি। আমাদের দাবি, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় তারা আবারও শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করতে পারে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আলমামুন বলেন, ‘জুলাইয়ের পর ক্যাম্পাসে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা আমরা আশা করিনি। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত যথাযথ প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনতে হবে।’

আরও পড়ুন: রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন্ত কমিটি

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিকরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেছেন। নতুন বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকতার পথ রুদ্ধ হলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে।’

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হক বকুল বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে আমরা রাতেই তাদের দেখতে ছুটে যাই। সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের রক্তাক্ত হতে হয়েছে।’

তিনি বলেন, ‘এ ধরনের হামলা কোনোভাবেই শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গণমাধ্যম রাষ্ট্রের আয়না; সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’

উল্লেখ্য, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।