০৫ অক্টোবর ২০২৬, ১২:০৪

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচল প্রাণ

আহত শিক্ষার্থী বিদীপ্ত সিক্ত  © টিডিসি ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের ৮ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রথম বর্ষের এক শিক্ষার্থী। তবে পাকা রাস্তার বদলে নিচে একটি টিনশেডের ওপর পড়ায় বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই প্রাণে বেঁচে গেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।
‎
‎ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম বিদীপ্ত সিক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ) ছাত্র। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
‎
‎শিক্ষার্থীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘আমি প্রায় সারা রাত হাসপাতালেই ছিলাম। ছেলেটির ইসিজি, সিটি স্ক্যান, এক্স-রে এগুলো করানো হয়েছে, রিপোর্টে বড় ধরনের কোনো ইনজুরি বা ড্যামেজ আসেনি। এখন সে আশঙ্কামুক্ত এবং ভালো আছে। আজ সকালে ছাত্রনেতাসহ হলের শিক্ষার্থীরা তাকে দেখতে গিয়েছিল, তখন সবার সাথে সে হাসিমুখে কথা বলেছে। তবে ভেতরে ছোট কোনো ইনজুরি আছে কি না, তা নিশ্চিত হতে ৩-৪ দিন পর আরও কিছু টেস্ট করানো হবে।’

আরও দেখুন: ৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর ‎
‎

তিনি জানান, শিক্ষার্থী মূলত ৮ তলা থেকেই লাফ দিয়েছিলেন। ৮ তলায় তার মোবাইল ফোন, মানিব্যাগ পাওয়া গেছে। বেশি আঘাতপ্রাপ্ত না হওয়ার কারণ হিসেবে তিনি জানান, নিচে পাকা রাস্তায় পড়লে হয়তো স্পট ডেড হতো। কিন্তু সে নিচে একটি টিনশেডের ওপর পড়ে। বিকট শব্দ শুনে হলের কর্মীরা টিনশেডের ভেতর থেকে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। মূলত টিনশেডে পড়ার কারণেই সে প্রাণে বেঁচে গেছে।
‎
‎এছাড়া আত্মহত্যার চেষ্টার কারণ সম্পর্কে হলের প্রাধ্যক্ষসহ একাধিক সূত্র জানায়, প্রেমজনিত কারনে তিনি হতাশায় ছিলেন। সেই কারনেই তার এ আত্মহত্যা চেষ্টা।
‎