০৫ অক্টোবর ২০২৬, ১১:৩০

কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে জনসংযোগ দফতর থেকে এ বার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কতিপয় শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি, তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। 

এমনকি তারা গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছে উল্লেখ করে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ক্যাম্পাসের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

আরও খবর: রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন্ত কমিটি

এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে জানিয়েছে যে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী যথাযথ ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা কামনা করছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।