বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর মানববন্ধন
৪৯তম বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, তিনদিন আগেও একই কারণে এখানে দাঁড়াতে হয়েছিল। বিএনপি সরকার হয়তো ভুলে গেছে, তারা ছাত্রদের রক্তের বিনিময়ে আজ ক্ষমতায় এসেছে। অথচ আজ সেই শিক্ষার্থীদের সঙ্গেই সরকার বৈষম্য করছে।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম জুলাই-পরবর্তী সরকার শিক্ষার্থীবান্ধব হবে। কিন্তু তারা বারবার শিক্ষার্থীদের সঙ্গে একই আচরণ করে যাচ্ছে। আজকের মানববন্ধন থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, তারা যেন শিক্ষার্থীবান্ধব কাজ করে। তা না হলে আরেকটি জুলাই আসতে সময় লাগবে না।
রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, আমরা সরকারকে বলতে চাই, যেভাবেই হোক আপনারা ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় থাকেন, কিন্তু ভালোভাবে থাকেন। আপনাদের (বিএনপিকে) ক্ষমতার মসনদ থেকে নামানো জনগণের জন্য কোনো ব্যাপারই নয়।
তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক স্বেচ্ছাচারিতা শুরু করেছে। ভেরিফিকেশনের নামে এসব প্রহসন দ্রুত বন্ধ করুন। না হলে আপনাদের পরিণতি আরও ভয়াবহ হবে।
এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বিএনপি সরকার ছয় মাসে দেশকে যেভাবে অস্থিতিশীল করেছে, আওয়ামী লীগ সরকার ১৭ বছরেও তা করতে পারেনি। বাংলাদেশ সৃষ্টির পর সব সরকারই নির্লজ্জভাবে দলীয়করণ করেছে। কিছুদিন আগে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে নাটক করা হয়েছে, এখন বিসিএসে এসে সরকার একই ভুল করছে।
তিনি বলেন, আমি মনে করি, এই বিএনপি সরকার দেশ চালানোর যোগ্য নয়। সরকার যদি শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে না পারে, তাহলে আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়েও ভয়ানক পরিস্থিতি হবে। যাদের বিসিএসের ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের অনতিবিলম্বে নিয়োগ না দেওয়া হলে আমরা আরও তীব্র আন্দোলন গড়ে তুলব।
মানববন্ধনে রাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।