০১ অক্টোবর ২০২৬, ০০:১০

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি শিক্ষার্থী জসিম 

ঢাবি শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন   © সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) চূড়ান্ত গেজেটে বাদ পড়ায় রাজু ভাস্কর্যের সামনে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন মোঃ জসিম উদ্দীন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। জসিম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) গেজেটে নিজের নাম না দেখে ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন তিনি।

আরব বসন্তের কথা উল্লেখ করে জসিম লেখেন, ‘সময়টা ২০১০ সালের ডিসেম্বর, তিউনিসিয়ার যুবক মোহাম্মদ বোয়াজিজি (Mohamed Bouazizi) রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে শেষ পর্যন্ত শরীরে আগুন জ্বালিয়ে  আত্মহুতি দিলেন। তার জীবনের বিনিময়ে পুরো আরব বিশ্বে বেশ পরিবর্তন এসেছিল। আজ থেকে সে আমার আইডল।’

এরপর তিনি ঘোষণা দেন,  ‘৪৯ তম বিসিএস-এর জয়েনিং (১২ অক্টোবর) দিন সন্ধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমিও শরীরে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেওয়ার ঘোষণা দিলাম। আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না কিন্তু ভেরিফিকেশান নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক সেই কামনা রইল।’ 

ফিরতি আরেক পোস্টে জসিম লিখেন, ‘জুলাই - ২০২৪ এ শাহবাগ স্কয়ারে থাকা অযোগ্যতা? ২০২২ সালে হল ছাত্রলীগে পোস্টেড ছিলাম সেটা আমার অযোগ্যতা? ফৌজদারি মামলা কিংবা মামলা হামলায় জড়িত ছিলাম না, সেটা আমার অযোগ্যতা?’