ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে শাটলে যাওয়ার সময় এক ছাত্রীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠসংলগ্ন গেটের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীর নাম সানজিদা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী সানজিদা আক্তার জানান, সন্ধ্যা ৭টা ২২ থেকে ৭টা ২৬ মিনিটের মধ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় তিনি ক্যাম্পাসের শটলে (পরিবহন) করে তোরণ থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, ‘শাটলটি হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের গেটের সামনে থেকে যাওয়া অবস্থায় হঠাৎ সাদা জামা পরিহিত এক ব্যক্তি বাইক নিয়ে আমার কান থেকে টান দিয়ে একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এরপর সে দ্রুত ভিসি চত্বরের দিকে পালিয়ে যায়।’
আরও খবর: দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র্যাংকিংয়ে ২৫ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে আমার এখনও সরাসরি কথা হয়নি। তবে আমরা অভিযোগ দিতে বলেছি। পাশাপাশি সিসি ক্যামেরা দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধিতে এআই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। ইতিমধ্যে উপাচার্য বিষয়টি অনুমোদন দিয়েছেন। আমরা কোনও ব্যক্তি বা গ্রুপ ভিত্তিক অপরাধ চক্র ক্যাম্পাসে গড়ে উঠতে দেব না।’