২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৭

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

অতিরিক্ত ফি আদায় ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেন। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন খাতে ফি আদায় করে আসছে কর্তৃপক্ষ। এর মধ্যে ল্যাব ফি, ম্যাগাজিন ফি, কম্পিউটার ফিসহ আরও কয়েকটি ফি নেওয়া হলেও এসবের বিপরীতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া যায় না বলে অভিযোগ তাদের।

জানা যায়, কয়েকশ শিক্ষার্থীর বিক্ষোভের খবর পেয়ে পরে স্কুল ও কলেজের গভর্নিং বডি জরুরি সভা করে। সভায় শিক্ষার্থীদের দাবি-দাওয়া সমাধানের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়।

এ ছাড়া ক্যান্টিনের খাবারের মান, অস্বাস্থ্যকর ও নোংরা পানি, প্রায় ধসে পড়া শ্রেণিকক্ষসহ নানা সমস্যার অভিযোগও করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এসব সমস্যার সমাধানের দাবি জানিয়ে তারা কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের প্রতিবাদে কর্তৃপক্ষ যথাযথভাবে সাড়া না দিয়ে উল্টো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলনের ডাক দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম এবং অতিরিক্ত ফি আদায়কে অযৌক্তিক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান। এ সময় অনেক অভিভাবকও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের কর্মসূচির খবর পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের গভর্নিং বডি জরুরি বৈঠকে বসে।

জাবি স্কুল ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. তালিম হোসেন অতিরিক্ত ফি আদায়ের কথা স্বীকার করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা যে সকল অতিরিক্ত ফি ধরা আছে তা সমন্বয় করে সমাধান করবো।’

এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক সামছুল আলম বলেন, অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।