২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩

আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডিও কল—বাবা বিশ্ববিদ্যালয়ের কমকর্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আটক শিক্ষার্থী হাসিবুল ইসলাম অপু  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হাসিবুল ইসলাম অপু নামে রসায়ন বিভাগের ২০২৪–২৫ সেশনের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষক লাউঞ্জের সামনে থেকে তাকে আটক করে প্রক্টর অফিসে আনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ছাত্রলীগ কর্মীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় এলাকায় সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটি মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে তার সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। তবে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চবি শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারের ভিডিও কল আসে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ছাত্রলীগকর্মী হাসিবুল ইসলাম অপু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবা শাহজাহান মিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সেকশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তাদের বাসা বিশ্ববিদ্যালয়ের পামবাগান সংলগ্ন এলাকায়।

অন্য খবর: চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, হাসিবুল রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহভাজন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার মুঠোফোন পরীক্ষা করে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। হাসিবুলের আগেও ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তার ফোনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার ভিডিও কল দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল রাতে চাকসু নেতারা একজনকে প্রক্টর অফিসে নিয়ে আসে। যাচাই-বাছাই করে তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে যুক্ত থাকার বিভিন্ন ডকুমেন্টস পাওয়া যায়।’

আইনগত পদ্ধতি মোতাবেক তাকে পুলিশে সোপর্দ করা হয় জানিয়ে তিনি আরও বলেন, ‘তার বাবা চবির ইতিহাস বিভাগের সেকশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।’