২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন

মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদ  © টিডিসি

‎পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্যপ্রার্থীদের বাদ দেওয়া এবং নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদ।
‎
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
‎
‎কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জিয়া উদ্দিন আয়ান বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের অভিযোগ উঠছে। একই সঙ্গে সরকারি চাকরিতে সুপারিশপ্রাপ্তদের একটি অংশকে পুলিশ ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার অভিযোগও রয়েছে।
‎
‎তিনি বলেন, ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্তের মধ্যে প্রায় আড়াই হাজারকে বিনা কারণে পুলিশ ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া হয়েছে। ২৪-এর আগে আওয়ামী লীগ সরকারের কোটা ও বৈষম্যমূলক ব্যবস্থা আমরা আর দেখতে চাই না। অবিলম্বে তাদের নিয়োগপত্র দিতে হবে এবং ১ অক্টোবর থেকে কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে।
‎
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জিয়া উদ্দিন আয়ান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে নিয়োগসহ সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান।
‎
‎তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে বিএনপির দলীয়করণ বন্ধ করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মেধার ভিত্তিতে সব জায়গায় নিয়োগ দিতে হবে। এ বিষয়ে কোনো আপস করা হবে না।
‎
‎সংগঠনের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সরকারি চাকরিতে বৈষম্যহীন নিয়োগের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমানে বিভিন্ন ঘটনায় তা প্রশ্নের মুখে পড়ছে।
‎
‎তিনি বলেন, তরুণদের মূল আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরির কোনো স্তরে যেন কাউকে বৈষম্যের শিকার হতে না হয়। কিন্তু আমরা এখন নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ দেখতে পাচ্ছি।
‎
‎সরকারের সমালোচনা করে নাদিয়া রহমান বলেন, দলীয়করণ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা বন্ধ করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার কোনো উদ্যোগ নেওয়া হলে তরুণ প্রজন্ম তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎তিনি বলেন, এটি ২০০৫ সাল নয়, এটি ২০২৬ সাল। এই প্রজন্ম আপনাদের প্রতিটি পদক্ষেপ বোঝে। আপনারা যদি মেয়াদ পূর্ণ করে সম্মানের সঙ্গে পরবর্তী নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে চান, তাহলে এসব প্রহসন বন্ধ করুন। জনগণের অধিকার ফিরিয়ে দিন এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করুন।
‎
‎মানববন্ধনে বক্তারা পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার অভিযোগের তদন্ত, সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বন্ধের দাবি জানান।
‎
‎পরে এসব দাবির সমর্থনে এবং অভিযোগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার নেতাকর্মীরা প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
‎
‎এসময় জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, কার্যকরী সদস্য সাঈদ হাসান ও আমেনা আক্তার নিহা উপস্থিত ছিলেন।