আগের ভিসিকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের ‘৫৬?’ প্রতীকী প্রশ্নযাত্রা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে ‘৫৬?’ প্রতীকী প্রশ্নযাত্রা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘৫৬?’ লেখা লাল কাগজের প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন। পরে ‘৫৬ কর্নার’ ও পথনাট্য কর্মসূচিও পালন করেন তারা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘৫৬?’ প্রতীকী প্রশ্নযাত্রা শুরু হয়। কর্মসূচিতে অংশ নিতে চুয়েটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। এ সময় তাদের হাতে ‘৫৬?’ লেখা লাল কাগজের প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা এ সময় ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘একটি নাম, একটি সুর—সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতীকী প্রশ্নযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তারা সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে অবস্থান নেন।
প্রশ্নযাত্রায় অংশ নেওয়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, ‘মাত্র ৫৬ দিনের মধ্যে আমাদের ভিসিকে পরিবর্তন করা হয়েছে। আজ ছয় দিন ধরে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। আমাদের প্রশ্ন—এটা আর কত দিন চলবে? আমরা চাই, যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নেওয়া হোক। সায়েম স্যার ৫৬ দিন দায়িত্বে ছিলেন। এই সময়ে তিনি কী কী করেছেন, সেগুলো আমরা স্মরণ করছি। তাঁর কাজ দেখে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আমরা চাই, তাঁকে আবার আমাদের ভিসি হিসেবে দেখতে।’
প্রশ্নযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত হয় ‘৫৬ কর্নার’ কর্মসূচি। এ সময় শিক্ষার্থীদের মধ্যে থেকে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সময়ে চুয়েটের আধুনিকায়নে নেওয়া ১২টি উদ্যোগের কথা তুলে ধরেন।
পরে দুপুর ৩টায় শুরু হয় পথনাট্য। এতে মাত্র ৫৬ দিনের মধ্যে অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে পরিবর্তন এবং নতুন উপাচার্যের অনলাইনে যোগদানের ঘটনাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন শিক্ষার্থীরা। পাশাপাশি গত ছয় দিনের আন্দোলনের প্রেক্ষাপট ও বিভিন্ন ঘটনাপ্রবাহও পথনাট্যের মাধ্যমে উপস্থাপন করা হয়।