আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আগেই চলে গেলেন ঢাবির মুরাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ। দুদিন ধরে জ্বর থাকলেও পরীক্ষা থাকায় ডাক্তার দেখাননি, প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়েছিলেন। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) পরীক্ষা শেষে ডাক্তারের কাছে যেতে চেয়েছিলেন তিনি। তবে আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
ঢাবির শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে তারা জানিয়েছেন। মুরাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
সহপাঠী ও হলের সংশ্লিষ্টরা জানান, দুদিন ধরে মুরাদ জ্বরে আক্রান্ত ছিলেন। তবে পরীক্ষা চলমান থাকায় তিনি ভেবেছিলেন আজকের পরীক্ষা দিয়েই ডাক্তার দেখাবেন। এরইমধ্যে তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদুল্লাহ্ হলে শোকের ছায়া নেমে এসেছে।
তার অসুস্থতা ও মৃত্যুর ঘটনা তুলে ধরে শহিদুল্লাহ হল সংসদের বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক তুষার ইমরান বলেন, গত পরশু মুরাদের সামান্য জ্বর আসে। কিন্তু সে পরীক্ষার কারণে ট্রিটমেন্ট নিতে যায়নি। পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিল। গতকাল দুপুরের পর আবার একটু জ্বর আসলে নাপা এক্সট্রা খেয়ে সে মনে করেছিল ঠিক হয়ে যাবে। কারণ আজকেও তার পরীক্ষা ছিল।
রাতে বন্ধুদের সাথে আলাপ করে মুরাদ জানিয়েছিল যে, আজকের পরীক্ষা দিয়ে তারপর সে প্রাইভেট হাসপাতালে যাবে। ঢাকা মেডিকেলে গেলে অনেক সিরিয়াল থাকে, সময় নষ্ট হবে এবং পড়াশোনার ক্ষতি হবে- তাই পরীক্ষা শেষ করে সে হাসপাতালে যাওয়ার কথা ভাবে। রাতে জ্বর একটু বাড়লে ওষুধ খেয়ে সে ঘুমিয়ে পড়ে। এরপর রাত দেড়টা থেকে দুইটার দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়।
আরও খবর: সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না শিক্ষার্থীরা
সাথে সাথে তার রুমে থাকা বন্ধুরা মুরাদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু রুমের বাইরে বের করার পরই মুরাদ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান যে, তাঁর আর পালস নেই। তিনি মারা গেছেন।
রবিবার সকাল ৯টায় শহীদুল্লাহ্ হলের মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছেন।’