ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক জানিয়েছে। সাদা দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
শিক্ষা ও গবেষণায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল।
ইউটিএল-এর নেতৃবৃন্দের শোকবার্তা
অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর নেতৃবৃন্দের এক শোকবার্তায় বলা হয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই শিক্ষাগুরুর মৃত্যুতে দেশ একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, দেশপ্রেমিক, ধর্মানুরাগী ও বিদগ্ধ পন্ডিতকে হারালো। শিক্ষা এবং গবেষণায় তার অবদান এ দেশের উচ্চ শিক্ষায় চির অম্লান হয়ে থাকবে।
ইউটিএল নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।