২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭

শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাচঁ শিক্ষার্থী  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সর্বশেষ ছয়টি বিজেএস পরীক্ষার মধ্যে পাঁচটিতেই মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।

আজ বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। এর আগে, ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন নুসরাত জেরিন জেনী, ১৫তম বিজেএস পরীক্ষায় আশিকুজ্জামান, ১৪তম বিজেএস পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা ও ১৩তম বিজেএস পরীক্ষায় শিউলী নাহার প্রথম স্থান অর্জন করেন। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। 

আরও পড়ুন: ১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়

১৮তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী আরিফুল করিম সিয়াম বলেন, আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়ত আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।

আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং রেগুলার পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।

অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে এটা অবশ্যই আমার জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সিয়ামসহ ১৮তম বিজিএসে যে ২০০ জন উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।