৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি ছাত্র কারাগারে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে চবির ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ইকরাম ওয়াহিদ তোহা (২৫) নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কারাগারে পাঠানোর বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। তিনি বলেন, জি, আপনি যেটি শুনেছেন, তথ্যটি সঠিক। আজ সকাল সাড়ে ১০টায় হাটহাজারীর বাসা থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, আসামী তোহা হাটহাজারীর ১১ নং ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন এলাকার আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাদী নিজেও চবির একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ৫ দিন আগে ভুক্তভোগী ওই নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি দায়ের করেন।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির পর থেকে গ্রেফতার আসামি তোহার সঙ্গে বাদীর পরিচয় ও ৫ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের প্রলোভনে তার ভাড়া বাসায় নিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।