২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢাবি ছাত্রদল

ছাত্রদলের লোগো ও বিজ্ঞপ্তি  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাদের নাম ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরি, বিতরণ ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেতাকর্মীসহ সবাইকে সতর্ক করেছে ঢাবি ছাত্রদল।

আজ ​বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এ সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

‎ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই নির্দেশনা প্রদান করেন।

সকর্তীকরণ বিজ্ঞপ্তি


‎​বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র বিগত কিছুদিন যাবৎ নানাবিধ অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক পদস্থ নেতার নাম ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র সৃজন, বিতরণ ও প্রচারে লিপ্ত রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় যাচাই ছাড়া এ ধরনের নকল ও ভুয়া প্রত্যয়নপত্র বা বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্ত না হতে নেতাকর্মীসহ সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।  

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ​এহেন নৈতিকতা বিবর্জিত কার্যকলাপ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বটে। যে বা যারা এসব কার্যকলাপের সাথে সম্পৃক্ত হয়েছে বা হবে, তাদের সকলকে আইনানুগভাবে কঠোর শাস্তির আওতায় আনার জন্য সংগঠনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।