চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী আগামীকাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রদর্শিত হতে যাচ্ছে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ পুরস্কারপ্রাপ্ত স্বাধীন চলচ্চিত্র ‘মাস্তুল’।
আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (সিইউএফএস) ও সিনেলুপের যৌথ উদ্যোগে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী হবে।
আয়োজকরা জানিয়েছে, সাধারণ শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রদর্শনীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
জানা গেছে, মোহাম্মদ নূরুজ্জামান রচিত ও পরিচালিত ৯৩ মিনিট দৈর্ঘ্যের ‘মাস্তুল’ নির্মিত হয়েছে একটি তেলের ট্যাঙ্কার জাহাজের আবদ্ধ ও ভাসমান জীবনের প্রেক্ষাপটে।চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে জাহাজের বুড়ো বাবুর্চি মকবুল এবং এক আশ্রয়হীন পথশিশু নূরাকে ঘিরে। ভাসমান জাহাজের একাকীত্ব, জীবনসংগ্রাম, ক্ষমতার দ্বন্দ্ব ও জটিল মানবিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে এতে।
আরও জানা যায়, ‘মাস্তুল’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও আরিফ হাসান। অন্যান্য চরিত্রে রয়েছেন দীপক সুমন ও আমিনুর রহমান মুকুল। চলচ্চিত্রের আবহকে আরও বাস্তবসম্মত করে তুলতে এতে জাহাজের আসল নাবিক ও কর্মীরাও অভিনয় করেছেন। এর আগে ‘আম কাঁঠালের ছুটি’ নির্মাণ করে প্রশংসা কুড়ানো এই পরিচালকের চলচ্চিত্রটি নতুন সংযোজন।
প্রসঙ্গত ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করে ‘মাস্তুল’। এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে চলচ্চিত্রটি।