জাবি শিক্ষকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকির অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমানের কাছে ফোন করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক আতাউর রহমান আশুলিয়া থানায় জিডিটি করেন। জিডি নম্বর ২৫১৯।
জিডিতে বলা হয়, সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মো. আতাউর রহমান কর্মস্থলে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা নিজেকে ‘আরমান’ নামে পরিচয় দিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে অধ্যাপক আতাউর রহমান উল্লেখ করেন, ফোনদাতা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্নভাবে তাঁকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। যেকোনো সময় ওই ব্যক্তি কোনো ঘটনা ঘটিয়ে তাঁকে হয়রানি এবং তাঁর পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘আজ দুপুরে আমার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আমার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। এ ঘটনায় আমি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই বি. এম. মেহেদী হাসান বলেন, ‘থানায় একটি জিডি করা হয়েছে। আমরা দ্রুত এ বিষয়ে কাজ শুরু করব।’