২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল প্রশাসন

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম থাকায় তুলে ফেলেছে প্রশাসন  © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানের নামফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের নাম। এটিকে প্রচলিত রীতির ব্যত্যয় হিসেবে উল্লেখ করে তা তুলে ফেলেছে প্রশাসন ।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় হতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তরের ‘নামফলক’-এ প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান অতিথি বা যিনি উদ্বোধন করেন, শুধু তার নাম লেখা থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নামফলকে প্রচলিত এ রীতি অনুসরণ করা হচ্ছে। 

জাকসুর ‘জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প-২০২৬’ উদ্বোধন সম্পর্কিত নামফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের পাশাপাশি জাকসুর সাধারণ সম্পাদকের নামও উল্লেখ করা হয়েছে। এটি প্রচলিত রীতির ব্যত্যয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নামফলকটি প্রত্যাহারের সিদ্বান্ত গ্রহণ করা হলো। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করা হবে।

আরও খবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘এ ধরনের প্রকল্পে সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না, এমন কোনো নীতিমালা আমরা দেখিনি। মেডিকেল সেন্টার আধুনিকায়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় জাকসুর পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘প্রায় ২৫ লাখ টাকার প্রকল্পের মাধ্যমে জরুরি কক্ষ, ওটি, ল্যাবসহ অন্যান্য সুবিধা আধুনিকায়নের কাজ হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের স্বীকৃতি থাকায় দোষের কিছু নেই। উপাচার্যের নামের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তির নাম থাকাকেও আমরা সমস্যা হিসেবে দেখছি না।’