২০ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৭

সাড়ে ৩ কোটি টাকার কাজ করেছে জাকসু, বাজেট ছিল ১৮ লাখ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাজেট গত এক বছরে মাত্র ১৮ লাখ টাকা গ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষার্থীকল্যাণমূলক খাতে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকার কাজ করেছে বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এ সময়ে সভা-সেমিনার, প্রশিক্ষণ, আবাসিক হলের সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন ও সাংস্কৃতিক আয়োজনসহ মোট ৩৩৮টি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাকসুর সদ্য সাবেক এজিএস ফেরদৌস আল হাসান।

সংবাদ সম্মেলনে ফেরদৌস আল হাসান বলেন, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ১৮ সেপ্টেম্বর নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর জাকসুর কার্যক্রমে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আউটসোর্সিং ও স্পন্সরশিপের মাধ্যমে অর্থ সংগ্রহকে গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও বাজেট সংকটের কারণে অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সমাধান সম্ভব হয়নি। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ফার্মের সহযোগিতা এবং স্পন্সরশিপের মাধ্যমে এসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

জাকসুর দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরে বাস্তবায়িত ৩৩৮টি কর্মসূচির মধ্যে রয়েছে সভা-সেমিনার, প্রশিক্ষণ, উন্নয়নমূলক কাজ, আবাসিক হলে সরঞ্জাম সরবরাহ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ক্যারিয়ার ও উচ্চশিক্ষাবিষয়ক কার্যক্রম এবং সাংস্কৃতিক আয়োজন।

উন্নয়ন ও স্বাস্থ্যসেবা

জাকসুর উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন। এ প্রকল্পে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে কম্পিউটার, ডেস্কটপ সেটআপ ও টেবিল সরবরাহে প্রায় ১১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

প্রতিটি আবাসিক হলে গরম ও ঠান্ডা পানির সুবিধাসহ আধুনিক ফিল্টার স্থাপনে প্রায় ৭ লাখ টাকা এবং প্রতিটি হলে একটি করে বুস্টার স্থাপনে প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়।

এ ছাড়া ১৬টি আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় পাঠাগার স্থাপনে প্রায় ৮ লাখ ৮৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

শিক্ষার্থীদের বিভিন্ন সেবা সহজ করতে ‘টিউটর হাব’ ওয়েবসাইটে ৪৫ হাজার টাকা, ‘জাবি’ ওয়েবসাইটে ৫০ হাজার টাকা এবং রক্তদানবিষয়ক ওয়েবসাইট তৈরিতে ৩৫ হাজার টাকা ব্যয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস ট্র্যাকিং ব্যবস্থা চালু ও বাসে ট্র্যাকার মেশিন স্থাপনে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে স্পন্সরশিপের কারণে এ খাতে জাকসুর প্রকৃত ব্যয় কমেছে বলে জানানো হয়।

ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন

শিক্ষার্থীদের ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে সহায়তার জন্য ‘ক্যারিয়ার পাথ অ্যান্ড হায়ার এডুকেশন এক্সপো’ আয়োজন করা হয়। এতে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। আয়োজনটির আর্থিক মূল্য ছিল প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে এতে জাকসুর কোনো অর্থ ব্যয় হয়নি বলে জানানো হয়।

‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’-এ প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিটির আর্থিক মূল্য ছিল প্রায় ৪ লাখ টাকা। বিপরীতে জাকসু থেকে বরাদ্দ দেওয়া হয় ২৫ হাজার টাকা।

শিক্ষার্থীদের জন্য কয়েক ধাপে বিনামূল্যে আইইএলটিএস কোর্সের আয়োজন করা হয়। প্রথম ধাপে ৩০০-এর বেশি এবং দ্বিতীয় ধাপে প্রায় ৪০০ শিক্ষার্থীকে বিনামূল্যে কোর্সের সুযোগ দেওয়া হয়। এ দুই কার্যক্রমের আর্থিক মূল্য ছিল যথাক্রমে প্রায় ৩ লাখ ও ৪ লাখ টাকা। তবে জাকসুর পক্ষ থেকে এতে কোনো অর্থ ব্যয় হয়নি।

এ ছাড়া ‘বেসিক কম্পিউটার কোর্সে’ প্রায় এক হাজার শিক্ষার্থী এনরোল করেন। এ কর্মসূচির আর্থিক মূল্য ছিল প্রায় ৫ লাখ ১৫ হাজার টাকা। ‘অ্যাডভান্স কম্পিউটার স্কিল ফর একাডেমিক ইউজ’ কোর্সে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন, যার আর্থিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

‘ফ্লুয়েন্ট ফিউচার ল্যাঙ্গুয়েজ কোর্স’-এর আওতায় ইংরেজি, জাপানি ও সফট স্কিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ৬০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিটির আর্থিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

‘নেক্সট জেনারেশন রিসার্চ মেথডোলজি কোর্স উইথ রিসার্চ প্রজেক্ট’-এ বিজ্ঞান, আইবিএ, ব্যবসা এবং কলা ও সামাজিক বিজ্ঞান শাখার প্রায় ৪৫০ শিক্ষার্থী অংশ নেন। এ কর্মসূচির আর্থিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানানো হয়।

জব ফেয়ার ও মানসিক স্বাস্থ্যসেবা

জাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বড় পরিসরের একটি জব ফেয়ার আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিটির আর্থিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা হলেও বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপের কারণে জাকসুর ব্যয় ছিল প্রায় ১ থেকে দেড় লাখ টাকা।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবায় ‘মেন্টাল হেলথ ফ্রি কাউন্সেলিং ক্যাম্প’ আয়োজন করা হয়। এতে ৮০০-এর বেশি শিক্ষার্থী সেবা নেন এবং প্রায় ২০ জন চিকিৎসক অংশ নেন। কর্মসূচিটির আর্থিক মূল্য ছিল প্রায় ৯ লাখ ৭৮ হাজার টাকা। স্পন্সর প্রতিষ্ঠান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক কাউন্সেলিং সেশনের সুবিধাও প্রদান করে।

এ ছাড়া জাকসুর নিজস্ব ওয়েবসাইট তৈরিতে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে, যা সম্পূর্ণ স্পন্সরনির্ভর বলে জানানো হয়। ‘জাগরণ’ ও জাকসুর ম্যাগাজিন প্রকাশে পৃথকভাবে প্রায় ২ লাখ টাকা করে ব্যয় হয়েছে। জিমনেশিয়াম আধুনিকায়ন প্রকল্পেও ৫ লাখ টাকার স্পন্সর সংগ্রহ করা হয়েছে।

বিশ্বকাপ সম্প্রচারেও ৩৮ লাখ টাকার আয়োজন

শিক্ষার্থীদের বিনোদনের জন্য বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে বিনামূল্যে সম্প্রচারের ব্যবস্থা করা হয়। জাকসুর দেওয়া তথ্য অনুযায়ী, এ আয়োজনের আর্থিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।নারী শিক্ষার্থীদের জন্য সাত দিনব্যাপী সাইকেল ও স্কুটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রায় ৫৫০ জন নারী শিক্ষার্থী অংশ নেন। জাকসুর দেওয়া তথ্য অনুযায়ী, এ কর্মসূচির ব্যয়ও স্পন্সর প্রতিষ্ঠানের সহযোগিতায় বহন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাকসুর পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া অর্থের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ফার্মের সহযোগিতা এবং স্পন্সরশিপের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে জাকসুর নিজস্ব অর্থের তুলনায় বেশি আর্থিক মূল্যের কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।