কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
রাঙামাটির কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার উদ্দেশ্যে নেমে সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান।
তিনি বলেন, হ্যাঁ মৃত্যুর ঘটনা সত্য। রবিবার দুপুর ১টা ৪০মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে বিকেল ৪টায় ডুবুরি দলের সাহায্যে লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, নিহত সাজিদ শাহরিয়ার সানম চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। তার পিতার নাম নাছির উদ্দীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নরসিংদী ও ঢাকা থেকে ঘুরতে আসা ৯ সদস্যের একটি পর্যটক দল রবিবার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইড সঙ্গে নিয়ে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় থেকে নেমে দুপুর দেড়টার দিকে সীতার ঘাট অংশে কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় হাত-মুখ ধোয়ার জন্য নদীতে নামেন তারা। এসময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম।
নিহত সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, আমরা ঢাকা থেকে ৯ জন এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নেমেছিলাম। ঠিক তখনই মুহূর্তের মধ্যে আমাদের বন্ধু সানম পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে আরও বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।