১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪

জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছাত্রশিবিরের

প্রশাসনের অনুষ্ঠান বয়কট করে চলে যাচ্ছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।  © টিডিসি ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন অনুষ্ঠানে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কট করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ অনুষ্ঠান বয়কট করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠান সূচি অনুযায়ী, ছাত্রসংগঠনগুলোর মধ্যে শুরুতেই ছাত্রদলের আহ্বায়ক বক্তব্য প্রদান করেন। এরপর বক্তব্য রাখেন জাকসু ভিপি। তবে ছাত্র ছাত্রশিবিরের কোনো নেতাকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ না জানানোয় উপস্থিত শিবির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে শিবিরের জাবি শাখার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রশাসনের একটি অনুষ্ঠানে ডেকোরাম অনুযায়ী সব ছাত্র সংগঠনের প্রতি সমতাসূচক আচরণ করাই প্রশাসনের শ্রেয় ছিল। কিন্তু সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও অন্য কোনো ছাত্র সংগঠনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এটি স্পষ্টতই বৈষম্যমূলক আচরণ এবং প্রশাসনের দলীয়করণের একটি নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ। এর প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা অনুষ্ঠানটি বয়কট করেছে।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।