১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৫

ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’

ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির (ডিইউকিউএস) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাম্বার প্রেজেন্টস ৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন, পাওয়ার্ড বাই ইস্টার্ন ব্যাংক পিএলসি’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান।

সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সার্বিক সাফল্য কামনা করেন।

এবারের আয়োজনে পাঁচটি সেগমেন্ট ছিল—ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল, ইন্টার-ক্লাব, সোলো কুইজ ও নোভিস কুইজ। এর মধ্যে ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল ও সোলো কুইজ টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইন্টার-ক্লাব সেগমেন্টটি এর আগে অনুষ্ঠিত হয়েছে। আর নোভিস কুইজে শুধু বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

ইন্টার-ডিপার্টমেন্ট সেগমেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদ থেকে ৭৯টি দল অংশ নেয়। এরপর ইন্টার-হল সেগমেন্টে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের ৬৭টি দল অংশগ্রহণ করে। সোলো কুইজে অংশ নেন ৪৩৬ জন প্রতিযোগী।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্টার-ক্লাব সেগমেন্টে ৩৬টি দল এবং নোভিস কুইজের প্রথম রাউন্ডে ৭৪টি দল অংশ নেয়। সব মিলিয়ে এবারের আয়োজনে মোট ১ হাজার ১৭৪ জন অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।

এবার প্রথমবারের মতো ইন্টার-ক্লাব সেগমেন্ট যুক্ত করা হয়। এ বিষয়ে ডিইউকিউএসের সভাপতি রোদাবা জামান আদৃতা বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় কুইজ ফেস্টের মাধ্যমে নবীন সদস্যদের বরণ করে নেওয়া হচ্ছে। পাশাপাশি এবার নতুন সেগমেন্ট হিসেবে ইন্টার-ক্লাব যুক্ত করা হয়েছে। কুইজ চর্চার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ অঙ্গনে তার সুনাম ধরে রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনের বিভিন্ন সেগমেন্ট পরিচালনা করেন ডিইউকিউএসের কুইজমাস্টাররা। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিজয়ী, রানার্সআপ ও কুইজমাস্টারদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির আয়োজনের প্রশংসা করেন এবং সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণ। এতে ডিইউকিউএসের সদস্যরা নাচ, গান, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রীরও আয়োজন করা হয়।