১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এমএড কার্যক্রমে ভর্তির আবেদন শুরু

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক-এমএড) ও প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) কার্যক্রমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি হিসেবে ২ হাজার টাকা জমা দিতে হবে।

আইইআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক-এমএড) কার্যক্রমের মেয়াদ এক সেমিস্টার বা ছয় মাস। যেসব প্রার্থীর বিএড বা সমমানের ডিগ্রি নেই, তারা এমএডের পূর্ব-প্রস্তুতিমূলক এই কার্যক্রমে আবেদন করতে পারবেন। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) মূল কার্যক্রমে সরাসরি ভর্তি হওয়া যাবে।

অন্যদিকে, প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) কার্যক্রমের মেয়াদ তিন সেমিস্টার বা ১৮ মাস। যেসব প্রার্থীর বিএড বা সমমানের ডিগ্রি রয়েছে, কেবল তারাই এ কার্যক্রমে আবেদন করতে পারবেন।

প্রাক-এমএডে যোগ্যতা: প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: শিক্ষায় বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছিল শিক্ষার্থীরা, ৬৪ বছর পরও সেই প্রশ্ন

এমএডে যোগ্যতা: প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমে আবেদনের জন্য বিএড (সম্মান) অথবা ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ বিএড, বিএসএড, বিপিএড, ডিপ-ইন-এড, ডিপিএড বা সি-ইন-এড ডিগ্রি থাকতে হবে।

উভয় কার্যক্রমের ক্ষেত্রেই প্রার্থীর শিক্ষা জীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। জিপিএ/সিজিপিএর ক্ষেত্রে ন্যূনতম ২ দশমিক ৫০ থাকতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা সংশ্লিষ্ট চাকরিতে নিয়োজিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ আবেদন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। অনলাইন ফরম পূরণের জন্য এখানে গিয়ে প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করতে হবে। আবেদন ফি হিসেবে ২ হাজার টাকা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে।

অনলাইন ফরম পূরণের সময় এসএসসি থেকে ব্যাচেলর/মাস্টার্স পর্যন্ত সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং অভিজ্ঞতার সনদ আপলোড করতে হবে।

আবেদন শুরু: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে। 

আবেদন শেষ: আবেদন করা যাবে ১৪ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরও দেখুন: রাজধানী ও আশপাশের ৩৪ এলাকায় ২৪ ঘণ্টা জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তি তিতাসের

ভর্তি পরীক্ষা: ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ১১টায়। পরীক্ষা হবে আইইআর ভবনে।

যোগাযোগ: প্রয়োজনে হেল্পলাইনে (+৮৮০১৮৯০৩১৮১০৫) হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।