১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩

‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ

‎আবাসিক হলের রিডিং রুমে কম্পিউটার বিতরণ করেছে জাকসুর  © টিডিসি

‎শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সহজ ও গতিশীল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি আবাসিক হলের রিডিং রুমে কম্পিউটার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

আজ ‎বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাকসু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আবাসিক হলগুলোর প্রতিনিধিদের কাছে এসব কম্পিউটার হস্তান্তর করা হয়।

‎অনুষ্ঠানে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক সাফায়েত মীর। তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ১০ লাখ টাকা পেয়েছি, এরপর আরও ৫ লাখ টাকা—মোট ১৫ লাখ টাকা। এখন আপনাদের কম্পিউটার দেওয়া হবে। আগামীকাল সম্ভবত ২৫ লাখ টাকার মেডিকেল ইকুইপমেন্ট দেওয়া হবে আমাদের মেডিকেল সেন্টারে, যেটাকে আপনারা নাপা সেন্টার বলেন।’

‎তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির সবসময় ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাস করে। জাকসু থেকে এ পর্যন্ত যে ইকুইপমেন্টগুলো দেওয়া হয়েছে, সেগুলোর অর্থ ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের বাইরের কেউ নিয়ে আসেনি।’

‎অনুষ্ঠানে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা প্রত্যেকটি হলে একটি করে কম্পিউটার দিচ্ছি, যাতে শিক্ষার্থীরা ওয়ার্ডে অ্যাসাইনমেন্ট তৈরি, পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি এবং এক্সেলের ছোটখাটো কাজ করতে পারে।’

‎তিনি আরও বলেন, ‘আপনারা যারা হল সংসদের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আপনাদের কাছে এটা একটা আমানত। এই আমানত আপনারা রক্ষা করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যথেষ্ট ম্যাচিউর, তারা এই আমানত রক্ষা করবে।’

‎মাজহারুল ইসলাম বলেন, ‘একটা প্রেজেন্টেশন যদি কেউ এই কম্পিউটারের মাধ্যমে করতে পারে, কারও যদি একাডেমিক এক্সিলেন্স আসে, সেটাই আমাদের অনেক বড় প্রাপ্তি হবে।’