১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮

চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম

চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশ নিতে চীন সফরে গেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশগ্রহণের জন্য চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়না এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা দেন। 

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (এফআইও) এবং শাংদাও মিউনিসিপ্যাল গভর্নমেন্টের যৌথ আয়োজনে ১৭ ও ১৮ সেপ্টেম্বর শাংদাওয়ের স্টারলাইট আইল্যান্ড কনফারেন্স সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে। তার অনুপস্থিতিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

উপাচার্যের সফরসঙ্গী হিসেবে রয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্স (আইসিওজি)-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী।

সফরকালে ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ন করা হবে। এছাড়া, ফোরামে উপাচার্য সমুদ্র পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা, চীন-বাংলাদেশ যৌথ গবেষণা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির দুর্যোগ ঝুঁকি হ্রাসে চীন-বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার সুনীল অর্থনীতি ও টেকসই সামুদ্রিক উন্নয়নবিষয়ক একটি কারিগরি অধিবেশনে সহ-সভাপতিত্ব করবেন। ড. কে এম আজম চৌধুরী উত্তর বঙ্গোপসাগরে অক্সিজেন মিনিমাম জোনের মৌসুমি বৈশিষ্ট্য নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।

অন্য খবর: ৮ ঘণ্টা অবরুদ্ধ গোবিপ্রবি ভিসিকে উদ্ধারের সময় শিক্ষক-শিক্ষার্থীর ধাক্কাধাক্কি, সহকারী প্রক্টরের পদত্যাগ

ফোরামে চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন। জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, সুনীল অর্থনীতি ও টেকসই সামুদ্রিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফোরামে আলোচনা ও মতবিনিময় হবে।

ফোরামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবং এফআইও-এর সঙ্গে সমঝোতা স্মারক নবায়নের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সামুদ্রিক গবেষণা, একাডেমিক বিনিময় ও কারিগরি সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। উপাচার্যের ছুটিকালীন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।