ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
কর্মসূচিতে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে জনবলের সংকট থাকলে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবেন।
তিনি বলেন, গত দুই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে প্রশাসনকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের সচেতন করতে ভবিষ্যতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হবে।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণ-প্রকৃতির এক অভয়াশ্রম। এখানে বিভিন্ন প্রজাতির সহাবস্থান রয়েছে। তাই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় প্রাণ-প্রকৃতির যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মশা, কীটপতঙ্গ ও পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন। তাঁদের সহযোগিতা নিয়ে ছাত্রদলের এ উদ্যোগকে আরও কার্যকর করতে প্রশাসন সহযোগিতা করবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের জনবল সংকট মোকাবিলায় সহায়ক হবে।
উপাচার্য সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ অন্যদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করবে।