প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেয়েছেন আজন্ম দৃষ্টিহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাকিল হোসেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তার হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম শাকিলের হাতে নিয়োগপত্র তুলে দেন।
নওগাঁর অজপাড়া গাঁ থেকে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমের মাধ্যমে সফলভাবে তার শিক্ষাজীবন শেষ করেন। তবে চাকরিজীবনে এসে তার সামনে তৈরি হয় অনিশ্চয়তা।
শিক্ষাজীবন শেষ করার পর চাকরি পাওয়ার আশায় বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকেন শাকিল। কিন্তু আজন্ম দৃষ্টিহীন হওয়ায় চাকরি পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। নানা চেষ্টা করেও অধরা থেকে যায় তার স্বপ্নের চাকরি।
একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে তার উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভী শাকিলের জন্য চাকরির ব্যবস্থা করতে উদ্যোগ নেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় তার চাকরির ব্যবস্থা করা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার শাকিল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র পান। প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পাওয়ায় তার দীর্ঘদিনের কর্মজীবনের স্বপ্ন পূরণ হলো।
নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।