১৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩১

ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ

হলের পাশে ককটেল বিস্ফোরণ   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের কাছেও একটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন ঘটনাস্থলে পুলিশ ও সহকারী প্রক্টরদের যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘তাঁরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ ও সহকারী প্রক্টররা গিয়েছেন। তাঁরা এ বিষয়ে কাজ করছেন। ঘটনা কারা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।’

এ ঘটনায় রাতেই তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল। মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত থাকবেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বিস্ফোরণকারী দুজনকে চিহ্নিত করা গেছে। তারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী কেউ হতে পারে। সরকার এ বিষয়ে তদন্ত করছে।