১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২০
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক তিনটি পৃথক ঘটনা তদন্ত ও এ বিষয়ে সুপারিশ প্রদানের জন্য পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু কর্তৃক ‘DU Evaluation’ নামে ওয়েবসাইট চালু, ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তে এসব কমিটি গঠন করা হয়েছে। তিনটি কমিটিতে মোট সদস্য রাখা হয়েছে ১৬ জনকে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩- এর ১২ (৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। কমিটিগুলোর প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। কমিটিগুলোকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
১। ‘‘DU Evaluation’’ নামে ওয়েবসাইট চালুর বিষয় তদন্তের জন্য কমিটি : ‘‘DU Evaluation’’ নামে ডাকসু কর্তৃক ওয়েবসাইট চালুর বিষয় তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহবায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং IQAC - এর পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
২। “নির্ভীক জুলাই’’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয় তদন্তের জন্য কমিটি : বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাকসু কর্তৃক “নির্ভীক জুলাই’’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয় তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহবায়ক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন এবং প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
৩। ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তের জন্য কমিটি : ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহবায়ক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, এবং প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সর্বশেষ সংবাদ