১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

‎বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস থেকে অফিসপ্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিদিন মোট দুই ঘণ্টা সাময়িক লোডশেডিংয়ের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।‎‎

এর আগে বিদ্যুৎ সংকটে গত ২৩ আগস্ট দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে দৈনিক ৫ ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।