ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা শুরু, এজেন্ডায় পরবর্তী নির্বাচনের তফসিল
২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৬ষ্ঠ ও ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভা শুরু হয়ে হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স রুমে এই সভা শুরু হয়। সভায় বিশ্ববদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করছেন। এতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। তবে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ডাকসুর বর্তমান নেতৃত্বের দায়িত্ব নেওয়ার বছরপূর্তি পূর্ণ হবে। এর দুই দিন আগে আজ ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভা হচ্ছে। তবে এরমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে বর্তমান কমিটির মেয়াদ আরও তিনমাস বাড়বে। ফলে আরও একটি-দুটি কার্যনির্বাহী পরিষদের সভা হতে পারে বলে জানা গেছে।
এদিকে, ৬ষ্ঠ ও ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভার আলোচ্যসূচির (এজেন্ডা) মধ্যে পরবর্তী সেশনের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়টি রয়েছে। পাশাপাশি হল সংসদের সাথে মতবিনিময় সভা, চলমান সেশনের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা, অডিটও সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে।